রিপোর্টার্স২৪ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুইটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে মুসল্লিরা আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে অনুষ্ঠিত দুটি জামাতে পুরুষ ও নারী দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৮টায় জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর এলাকায় মেহেদী হাসান সুমনের আঙিনায় এবং বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা মাঠে পৃথক জামাত অনুষ্ঠিত হয়। আয়ড়া মাদ্রাসা মাঠে ইমামতি করেন আল আমিন, আর খয়েরবাড়ির জামাতে ছিলেন দোলোয়ার হোসেন।
স্থানীয়রা বিভিন্ন গ্রাম থেকে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে এসে নামাজে অংশ নেন। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশও নিরাপত্তা জোরদার করে।
খয়েরবাড়ি জামাতের ইমাম মো. দোলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। তাই আমরা তাদের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি। ১৯৯৭ সাল থেকে পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে এভাবে নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, উপজেলার জোতবানি ও বিনাইল ইউনিয়নে শান্তিপূর্ণভাবে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দুইটি জামাতে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম