ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলায় তিনটি পৃথক ঘটনায় তিন নারীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং একজন পুকুরের পানিতে ডুবে মারা গেছেন বলে জানা গেছে। পুলিশ প্রতিটি ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী গ্রামে মোছাঃ আনোয়ারা বেগম (৫৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ২৩ মার্চ সকালে নিজ বসতবাড়ির গোয়ালঘরের বাঁশের সড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মৃতের ছেলে মো. মজিরুল ইসলাম জানান, তার মা দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ওইদিন সকালে তার দুই বোন হেনা ও রিনা মাকে খুঁজতে গিয়ে গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী দক্ষিণপাড়া গ্রামে মোছাঃ সুলতানা (৪৮) নামের এক ডায়াবেটিস আক্রান্ত নারী পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। গত ১৮ মার্চ ভোররাতে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সেহেরি খাওয়ার পর সুলতানা বেগম হাঁটতে বের হয়েছিলেন। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। স্বামী সলিম উদ্দীন জানান, তার স্ত্রী দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তিনি পানিতে পড়ে মারা গেছেন।
পীরগঞ্জ উপজেলায় মেয়ের প্রেমঘটিত কারণে পালিয়ে বিয়ে করা মেনে নিতে না পেরে মহিমা আক্তার পারুল (৩৫) নামে এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ২১ মার্চ সকালে উপজেলার চাপোড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের স্বামী মনারুল ইসলাম জানান, তাদের একমাত্র মেয়ে কয়েক মাস আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করায় মহিমা আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে যান। ঘটনার দিন সকালে নাস্তা সেরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে সিলিংয়ের সাথে ফাঁস দেন তিনি। ভাগনি সুমাইয়া আক্তার তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে স্বজনরা উদ্ধার করে নামানোর আগেই তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট থানাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়ায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু