| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবীগঞ্জে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ২০:৪২:২৮:অপরাহ্ন  |  ১৪৩৯৩৪ বার পঠিত
দেবীগঞ্জে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে চড়া দামে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন খন্দকার মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত কেশব রায় সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগাড়ি এলাকার সুভাষ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেশব রায় দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ ও পার্শ্ববর্তী বিভিন্ন পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করে আসছিলেন। তিনি প্রতি লিটার পেট্রোল ২৫০ থেকে ৩০০ টাকা দরে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতেন। অতিরিক্ত মূল্যে তেল বিক্রির বিষয়টি ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করলে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে তাকে হাতেনাতে পেট্রোল বিক্রি করা অবস্থায় আটক করা হয়। পরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও আইন লঙ্ঘন করার অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর ৪০ ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানস্থল থেকে মোট ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত ৩,১৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সবুজ কুমার বসাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, "অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং চড়া দামে বিক্রি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

অভিযান পরিচালনার সময় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত কেশব রায়কে বিকেলেই জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪