নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সারাদেশে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা ধরনের কার্ডের মাধ্যমে জনগণের সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। পৃথিবীর ইতিহাসে সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে তা বিরল। বর্তমান প্রধানমন্ত্রীর বিরল উদ্যোগের ফলে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিটি দাবি পূরণ করা হবে।
এসময় বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবেও বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন