| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৃহবধূকে উচ্ছেদ করে বাড়ি দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৩:২০:২৩:অপরাহ্ন  |  ১২৬৬৭১ বার পঠিত
গৃহবধূকে উচ্ছেদ করে বাড়ি দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শবনম বেগম নামে এক গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা হোসেন গুড্ডুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, শবনম বেগম প্রায় ২২ বছর ধরে সাহেবপাড়া ক্যান্টিন এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলেন। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি হোসেন গুড্ডু ওই বাড়িটি রেলওয়ের সরকারি জায়গায় অবস্থিত বলে দাবি করে তাকে এবং পাশের এক পরিবারের সদস্যদের ঘর ছাড়তে চাপ প্রয়োগ করেন।

অভিযোগে বলা হয়, গত সোমবার বিকেলে হোসেন গুড্ডু ও কয়েকজন সহযোগী শবনম বেগমের বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে বের হওয়ার জন্য বলেন। আপত্তি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে বাড়িটি দখল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ঘরে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয়রা শবনম বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শবনম বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরে এখানে ভাড়া থাকি। আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার থাকার কোনো জায়গা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাটি প্রকাশ্যেই ঘটেছে। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেননি।

অভিযুক্ত হোসেন গুড্ডু দাবি করেন, বাড়ির মালিক জায়গাটি বিক্রি করেছেন এবং সে অনুযায়ী ভাড়াটিয়াকে সরানো হয়েছে।

সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, কেউ দলের নাম ব্যবহার করে অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার সিভিল ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম জানান, রেলওয়ের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা করার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪