পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় অভিনব কৌশলে পেট্রোল পাচারের অভিযোগে একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের একটি ফিলিং স্টেশন থেকে একটি চক্র নিয়মিত পেট্রোল সংগ্রহ করে বেশি দামে খোলা বাজারে বিক্রি করছিল। পাচারের জন্য মোটরসাইকেলের পেছনে কোম্পানির গাড়ির আদলে বিশেষ বক্স তৈরি করা হয়, যাতে সহজে কেউ বুঝতে না পারে।
ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান নজরদারি শুরু করেন। শুক্রবার দুপুরে একই ধরনের একটি মোটরসাইকেল তেল বহন করার সময় তিনি ধাওয়া দিলে স্থানীয়দের সহযোগিতায় সেটি আটক করা হয়। তবে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলের বিশেষ বক্স খুলে তিনটি জারকিনে রাখা প্রায় ৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলসহ তেল জব্দ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা জানান, জব্দ করা তেল বৈধ কাগজপত্র যাচাই করে শহরের একটি ফিলিং স্টেশনের মাধ্যমে সরকারি মূল্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী তেলটি বোদা উপজেলার একটি পাম্প থেকে আনা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি