| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১২:৪০:১৬:অপরাহ্ন  |  ১১৮৯৭৫ বার পঠিত
কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল)  রাত সাড়ে ৯টায় আট মাস বয়সী ইব্রাহিম মারা যায়। একইদিন রাত সাড়ে ১২টায় আরও এক শিশুর মৃত্যু হয়; মারা যাওয়া পাঁচ মাস ২০ দিন বয়সী আইজা। এ নিয়ে জেলায় হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে চার হলো।

ইব্রাহিম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। এ ছাড়া, আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। সে গত চার দিন ধরে চিকিৎসাধীন ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, শুক্রবার দুপুর সাড়ে ৩টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয় ইব্রাহিম নামের শিশুটি। সে হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ মার্চ সোমবার আইজা নামের শিশুটি হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। 

এর আগে,  শুক্রবার ভোর সাড়ে ৫টায় হামে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা যায়। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে চারজন শিশুর মৃত্যু হয়েছে। ৫-৬ জন শিশুর অবস্থা রয়েছে আশংকাজনক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪