| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান সহকারীর মৃত্যু: মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৫:১০:১৫:অপরাহ্ন  |  ৯৯২৫৭ বার পঠিত
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান সহকারীর মৃত্যু: মহাসড়ক অবরোধ

পঞ্চগড়  প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভায় বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম শাহিন (৪০) নামে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে পৌরসভার ধাক্কামারা গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

নিহত শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নউদ্দিনের ছেলে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (নেসকো)-তে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে নেসকোর একটি কারিগরি দল মেরামতের জন্য ঘটনাস্থলে যায়। শাহিন মই দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, কাজ শেষ হওয়ার আগেই হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়। এতে তিনি তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গেই ঝুলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি ওই অবস্থায় ঝুলে ছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই নেসকোর কর্মকর্তাদের গাফিলতির অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠেন নিহতের স্বজন ও স্থানীয়রা। তারা নেসকোর পঞ্চগড় কার্যালয় ঘেরাও করেন এবং বিচারের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহতের এক ক্ষুব্ধ আত্মীয় বলেন, “এটা নিছক দুর্ঘটনা নয়, এটি স্পষ্ট গাফিলতি। কাজ শেষ হওয়ার আগে কেন বিদ্যুৎ চালু করা হলো? আমরা এর বিচার চাই।”

খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিহতের পরিবারকে সঠিক তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং স্বজনরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বন্ধ নিশ্চিত করে শাহিনকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের পাশাপাশি নেসকোর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪