| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমিকাকে এএসপি পরিচয় দেন রাজমিস্ত্রি, ধরা পড়লেন কার্ড বানাতে গিয়ে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৯:০৪:৩৮:অপরাহ্ন  |  ৮৮০১১ বার পঠিত
প্রেমিকাকে এএসপি পরিচয় দেন রাজমিস্ত্রি, ধরা পড়লেন কার্ড বানাতে গিয়ে

রংপুর প্রতিনিধি: প্রেমিকার কাছে নিজের পরিচয় দিয়েছিলেন পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি)। কিন্তু সেই পরিচয় ধরে রাখতে গিয়েই বাধে বিপত্তি। ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে হাতেনাতে রংপুর পুলিশের কাছে ধরা পড়েছেন।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাবের আরটি প্রেস দোকান থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। 

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তাফিজার দুপুরে প্রেসক্লাব আরটি প্রেসে তৃতীয় তলায় একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দেন। পরে একটি পুলিশের আইডি কার্ড তৈরির অর্ডার দেন। তবে কার্ডটি হাতে পাওয়ার পর তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

‎‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজার জানান, তিনি এএসপি পরিচয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্প্রতি ওই প্রেমিকা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা বানাতে রংপুরে আসেন। গতকাল সোমবার থেকে তিনি নগরীর মুন হোটেলে অবস্থান করছিলেন।

‎তিনি জানান, প্রেমের সম্পর্কের সময় প্রেমিকাকে এআই দিয়ে বানানো ছবি দিয়ে পরিচয় দেন পুলিশের এএসপি তিনি। তবে প্রেমিকার সেটাতে বিশ্বাস না হওয়ায় সেখানে ঘটে বিপত্তি। দেখতে চান পুলিশের আইডি কার্ড। সেটা বানানোর জন‍্যই দিনাজপুর থেকে রংপুর ছুটে আসেন মোস্তাফিজুর। তিনি পেশায় রাজমিস্ত্রি। 

তবে শেষ রক্ষা হয়নি। পরিস্থিতি বুঝতে পেরে গোপনে পুলিশকে খবর দেয় আরটি প্রেসের দোকানদার। তাৎক্ষণিক পুলিশ এসে ভুয়া পুলিশ আইডি কার্ড উদ্ধারসহ যুবককে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

‎কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, আটক যুবকের পরিবার জানিয়েছে, তিনি গত ৬ মাস ধরে নিখোঁজ ছিলেন। একইসঙ্গে পরিবারের দাবি, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন তিনি। তবে জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎ভুয়া পুলিশ পরিচয়ে আটক যুবকের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামে। মোস্তাফিজার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোখলেছুর রহমানের ছেলে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪