নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বাইরে থেকে দেখে কেন্দ্রটি দীর্ঘদিন পরিত্যক্ত বলে মনে হলেও সংশ্লিষ্টদের দাবি, নিয়মিত সেবা কার্যক্রম চালু রয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কেন্দ্রটি পরিদর্শন করেন জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার। পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন, কেন্দ্রটিতে কোনো চিকিৎসক, নার্স বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত থাকেন না এবং এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
তিনি বলেন, প্রায় ৮৬ হাজার ভোটারের এই ইউনিয়নের মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। অথচ এই কেন্দ্রের জন্য সরকারি বরাদ্দ থাকার কথা। সেই বরাদ্দ কোথায় যাচ্ছে, তা তদন্ত করা জরুরি। তিনি আরও জানান, পরিদর্শনের সময় কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি এবং কেন্দ্রের ভেতরে অযত্নের চিত্র স্পষ্ট।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি দাবি করেন, প্রায় তিন বছর ধরে কেন্দ্রটি কার্যত অচল অবস্থায় রয়েছে। দ্রুত কেন্দ্রটি চালু করে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি জেলা প্রশাসন, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রটির পরিবার কল্যাণ পরিদর্শিকা জাকিয়া সুলতানা। তিনি বলেন, আমরা নিয়মিত দায়িত্ব পালন করছি। শনিবার ও রোববার অন্য কেন্দ্রে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও সোমবার থেকে বৃহস্পতিবার এনায়েতনগর কেন্দ্রে উপস্থিত থাকি।
তিনি আরও জানান, ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিনি ঢাকার আজিমপুরে প্রশিক্ষণে থাকায় কেন্দ্রে উপস্থিত থাকতে পারেননি। তার দাবি, ভবনটি আগে থেকেই পরিত্যক্ত ঘোষণা করা হলেও সীমাবদ্ধতার মধ্যেও সেবা কার্যক্রম চালু রয়েছে এবং নিয়মিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেন্দ্রটিকে অচল বলছেন, আবার কেউ বলছেন সীমিত পরিসরে হলেও সেবা দেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি