লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কাজ না করায় কালু মিয়া নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে ইটভাটার সর্দার ইসমাইল হোসেনের নাম জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।
নির্যাতিত কালু মিয়া চরকাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলী এলাকার বাসিন্দা। তিনি জানান, চলতি বছরের শুরুতে ৬ মাসের জন্য ৮০ হাজার টাকায় চট্টগ্রামের একটি ইটভাটায় কাজের চুক্তি করেন। পরে অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।
তার অভিযোগ, বৃহস্পতিবার তাকে তোরাবগঞ্জে ডেকে নিয়ে একটি দোকানের ভেতরে হাত বেঁধে ঝুলিয়ে মারধর করা হয়। এ সময় ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ইসমাইল হোসেন পলাতক রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।