| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতির পিঠে বর, ঘোড়ার গাড়িতে কনে—ব্যতিক্রমী বিয়ে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ০৫:৩২:৩৮:পূর্বাহ্ন  |  ৫৫৬২৪ বার পঠিত
হাতির পিঠে বর, ঘোড়ার গাড়িতে কনে—ব্যতিক্রমী বিয়ে

জয়পুরহাট প্রতিনিধি: রাজা-বাদশার ঐতিহ্যবাহী আয়োজন যেন ফিরে এল আধুনিক রূপে। শ্বশুরের ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে এলেন বর, আর কনে শ্বশুরবাড়ি গেলেন ঘোড়ার গাড়িতে—এমন ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে জয়পুরহাট সদর উপজেলায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এ বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন আয়োজন আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

বর ফারহান ফয়সাল (২৮) সদর উপজেলার চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। কনে ফারহানা আক্তার (২৬) একই উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনারপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

জানা গেছে, কনের বাবা দুলাল হোসেনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল মেয়ের বিয়েতে জামাই হাতির পিঠে চড়ে আসবেন এবং কনে ঘোড়ার গাড়িতে শ্বশুরবাড়ি যাবেন। সেই ইচ্ছা পূরণে বর প্রায় ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাতির পিঠে করে বিয়ের আসরে পৌঁছান। এ দৃশ্য দেখতে সড়কের দুপাশে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বর হাতির পিঠে এবং কনে ঘোড়ার গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের সঙ্গে ছিল বরযাত্রীদের গাড়িবহর।

ব্যতিক্রমী এই আয়োজন উপভোগ করতে কনের বাড়িতে নারী-পুরুষ ও শিশুদের উপচেপড়া ভিড় দেখা যায়।

কনে ফারহানা আক্তার বলেন, আমার বিয়েতে হাতিতে চড়ে বর এসেছে, আর আমি ঘোড়ার গাড়িতে শ্বশুরবাড়ি ফিরেছি—এটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা।

বর ফারহান ফয়সাল বলেন, গল্পে শুনেছি হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার কথা। বাস্তবে এমন অভিজ্ঞতা হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।

বরের বাবা ফজলুর রহমান জানান, এ আয়োজন করতে প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয় হয়েছে।

কনের বাবা দুলাল হোসেন বলেন, ছোট মেয়ের বিয়েতে ভিন্ন কিছু করতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই এমন আয়োজন। এতে সবাই আনন্দ পেয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪