| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৪:০১:৪৭:অপরাহ্ন  |  ৫১৯০৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় একই দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে এক ব্যক্তির মৃত্যু রহস্যজনক হওয়ায় হত্যা সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ১২ নম্বর সালান্দর ইউনিয়নের ফিড মিল পাড়ায় মো. আজাদ হোসেন (আদু) নামে এক ব্যক্তির মরদেহ আজ সকালে তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছর।

মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তার চোখ ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজাদ হোসেনের বাড়ি ঠাকুরগাঁও শহরের বিআরটিসি কাউন্টারের পাশে হলেও তিনি প্রায় এক দশক ধরে ফিড মিল পাড়ায় একাই বসবাস করছিলেন। তিনি পেশায় মুরগি ও ডিম ব্যবসায়ী ছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে।

এদিকে একই দিনে সদর উপজেলার সেনোয়া পাড়া এলাকায় মোহাম্মদ পারভেজ রানা (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মোখলেসুর রহমানের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারভেজ রানা দীর্ঘদিন ধরে জুয়া বা ক্যাসিনো আসক্ত ছিলেন এবং এ কারণে বিপুল ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। পরিবার ও এলাকাবাসীর ধারণা, এই আর্থিক চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

সকালে স্থানীয়রা একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একটি ঘটনায় হত্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং অন্য ঘটনায় আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে, একই দিনে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪