কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম (২৯) দুর্গাপুর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন হিসেবে শাহ আলমকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
অভিযানের সময় শাহ আলমের সঙ্গে থাকা আরও দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং কালিহাতী সার্কেলের তত্ত্বাবধানে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক চক্রের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন