| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে এক মাসে আটক ২২ জন, কারাদণ্ড ১১ জনের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৯:৫৮:২৭:অপরাহ্ন  |  ৩৫৫৬৭ বার পঠিত
কালাইয়ে এক মাসে আটক ২২ জন, কারাদণ্ড ১১ জনের

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত এক মাসে ২২ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ থেকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপরাধের ধরন ও গুরুত্ব বিবেচনায় একজনকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে মোট ২৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা একটি নিয়ন্ত্রিত মাদকজাতীয় ওষুধ। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এই ধরনের ওষুধের অপব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা বিশেষ করে তরুণ সমাজের জন্য উদ্বেগজনক।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি, যাতে তরুণরা মাদকের ক্ষতি সম্পর্কে অবগত হয়।”

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক সংক্রান্ত তথ্য জানলে তা গোপনীয়ভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মাদক প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের কঠোর অবস্থান সত্ত্বেও গ্রেফতারকৃত আসামিরা আদালত থেকে অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। এতে অভিযানের দীর্ঘমেয়াদি সুফল ব্যাহত হচ্ছে বলে মনে করছেন তারা।

এ কারণে মাদক নিয়ন্ত্রণে আইনগত প্রক্রিয়া আরও কঠোর করা এবং কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪