| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ০৪:৪৭:২২:পূর্বাহ্ন  |  ২০১৫২ বার পঠিত
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে রুবেল লেখেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একসময় বিদায় নিতেই হয়, সেই চিন্তা থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে অবসরের পরও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রুবেল দীর্ঘ সময় ধরে বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গতি ও আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত এই ডানহাতি পেসার দেশের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রেখেছেন।

তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিকে তার দুর্দান্ত বোলিং স্পেল বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেয় এবং প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে দল।

রুবেল সর্বশেষ টেস্ট খেলেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডেতে শেষ ম্যাচ খেলেন ২০২১ সালে এবং একই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে উল্লেখযোগ্য সময় ধরে দলের হয়ে খেলেছেন তিনি।

তার এই ঘোষণার পর সতীর্থ ক্রিকেটারদের কাছ থেকে আসছে শুভেচ্ছা ও ভালোবাসা, আবেগঘন স্মৃতিচারণ।

ওপেনার এনামুল হক বিজয় রুবেলকে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, 'আপনার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এ ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ জয়ী বোলিংটা হয়তো সবাই মনে রাখবে। কিন্তু আমার কাছে রুবেল হোসেন মানেই অসাধারণ কিছু মুহূর্ত, দারুণ সব স্পেল, দেশের জন্য জেতানো অনেকগুলো স্মরণীয় ম্যাচ।

আপনার সেই হাত তুলে দৌড় এটা শুধু একটা উদযাপন না, এটা ছিল অনুভূতি, একটা গর্ব... যা আমি সবসময় মিস করব। আপনার জীবনের পরবর্তী অধ্যায় আরও সুন্দর, শান্তিময় আর সফল হোক এই দোয়া রইল।

অবসর শুভ হোক রুবেল হোসেন।'

অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, 'অবসর শুভ হোক রুবেল ভাই।'

বাংলাদেশের ক্রিকেটে রুবেলের নাম উচ্চারিত হলেই ভেসে ওঠে ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ। অ্যাডিলেডে অনুষ্ঠিত ম্যাচে শেষদিকে তার দুর্দান্ত বোলিং স্পেলই বাংলাদেশকে এনে দেয় স্মরণীয় জয় এবং প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তি।

রুবেল হোসেন ২৭ টেষ্ট ম্যাচে ৩৬ উইকেট, ১০৪ ওডিআই ম্যাচে ১২৯ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টি ম্যাচে ২৮ উইকেট লাভ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪