| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুলবুলের অভিমান, আড়ালে মাশরাফি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১১:০৮:২৯:পূর্বাহ্ন  |  ৮২৮ বার পঠিত
বুলবুলের অভিমান, আড়ালে মাশরাফি

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের ‘ক্যাপ্টেনস কার্ড’ অনুষ্ঠানে দেশে থাকা সাবেক অধিনায়কদের মধ্যে প্রায় সবাই উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও মাশরাফি বিন মর্তুজা। জানা গেছে, বুলবুল অভিমান থেকে আসেননি, আর দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন মাশরাফি।

বাংলাদেশ ক্রিকেটের আরেক আলোচিত নাম সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এই তিন অধিনায়কের অনুপস্থিতি দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তামিম ইকবাল খান। দায়িত্ব নিয়েই একের পর এক উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসেন সাবেক এই অধিনায়ক। এরই ধারাবাহিকতায় সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেনস কার্ড’ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের উল্লেখযোগ্য সংখ্যক সাবেক অধিনায়ক। একসঙ্গে এত অধিনায়ককে আগে কখনো একই মঞ্চে দেখা গেছে কিনা, তা নিয়েই আলোচনা শুরু হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক শামীম কবির প্রয়াত হয়েছেন। এছাড়া পুরুষ দলের তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২৬ জন অধিনায়কত্ব করেছেন। নারী দলে অধিনায়কত্ব করেছেন ৬ জন, যাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু রুমানা আহমেদ।

অনুষ্ঠানে অংশ নেওয়া পুরুষ দলের সাবেক অধিনায়কদের মধ্যে ছিলেন রকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, আকরাম খান, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী।

তবে আমিনুল ইসলাম বুলবুল, মাশরাফি বিন মর্তুজা, নাঈমুর রহমান দুর্জয় ও সাকিব আল হাসানের অনুপস্থিতি অনুষ্ঠানটিকে কিছুটা অসম্পূর্ণ করে তোলে। নাঈমুর রহমান দুর্জয় বর্তমানে কারাগারে রয়েছেন এবং সাকিব অবস্থান করছেন দেশের বাইরে।

ক্রীড়ামোদিদের ধারণা, বিসিবির সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আমিনুল ইসলাম বুলবুল অভিমান করে অনুষ্ঠানে আসেননি। এ বিষয়ে তামিম ইকবাল জানান, তিনি বুলবুলকে ফোন ও বার্তা পাঠিয়েছিলেন, তবে যোগাযোগ সম্ভব হয়নি।

অন্যদিকে, দেশের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে পরিচিত মাশরাফি বিন মর্তুজা দীর্ঘদিন ধরেই জনসমক্ষে অনুপস্থিত। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি, যা নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা রয়েছে।

তবে যারা এখনও ‘ক্যাপ্টেনস কার্ড’ গ্রহণ করেননি, তারা যেকোনো সময় এসে তা নিতে পারবেন বলে জানিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, সাবেক ক্রিকেটারদের অবদান সবসময় সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, পারফরম্যান্স, নেতৃত্ব ও জনপ্রিয়তায় বুলবুল, মাশরাফি ও সাকিব—তিনজনই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য উচ্চতায় অবস্থান করছেন। তাদের অনুপস্থিতি কেবল একটি অনুষ্ঠানের ঘাটতি নয়, বরং একটি আবেগেরও অপূর্ণতা।

তারা ছবিতে না থাকলেও, দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে তাদের স্থান চিরস্থায়ী—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪