স্পোর্টস ডেস্ক: আইপিএল ও পিএসএল চলমান থাকায় বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেমেছে নিউজিল্যান্ড। আইপিএলে ব্যস্ত থাকায় অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি ও লকি ফার্গুসন দলে নেই। অন্যদিকে পিএসএলে খেলায় ব্যস্ত থাকায় মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলও অনুপস্থিত। ফলে তুলনামূলক তরুণদের নিয়ে গড়া দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে কিউইরা। তবে সেই দলের কাছেই প্রথম ওয়ানডেতে হারতে হয়েছে বাংলাদেশকে।
রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকে দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানের হার দিয়ে সিরিজ শুরু করে মেহেদি হাসান মিরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল, প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা। তবে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৩.২ ওভারে ২১ রানে দুই উইকেট হারায় দলটি। চতুর্থ ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন পেসার নাথান স্মিথ। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলেও তা পূরণ করতে পারেননি তিনি।
এরপর লিটন দাস ও সাইফ হাসান তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। সাইফ ৭৬ বলে ৫৭ রান করেন, যার মধ্যে ছিল ৮টি চার ও একটি ছক্কা। লিটন দাসের সঙ্গে তার জুটি ভাঙে উইলিয়াম ও’রুর্কের বলে আউট হয়ে। পরে তাওহীদ হৃদয় ৬০ বলে ৫৫ রান করে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্ত থেকে সমর্থন পাননি। অধিনায়ক মেহেদি হাসান মিরাজসহ অন্য ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ওভারের আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান বাংলাদেশের বোলাররা। শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। রিশাদ হোসেন মাঝের ওভারে গুরুত্বপূর্ণ সময়ে হেনরি নিকোলস ও উইল ইয়ংকে আউট করে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে।
নিউজিল্যান্ডের হয়ে ডিন ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন। তার ব্যাটেই শেষদিকে প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা এবং ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। কিউইদের ইনিংসে কোনো ছক্কা ছিল না।
অল্প রানের পুঁজি নিয়েই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জেতেন ডিন ফক্সক্রফট।