| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ দাবদাহে ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১১:০৪:০৬:পূর্বাহ্ন  |  ৫২৩ বার পঠিত
হঠাৎ দাবদাহে ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

রিপোর্টার্স২৪ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র দাবদাহের কারণে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও বয়স্কসহ অসংখ্য রোগী ডায়রিয়াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে চিকিৎসা নিতে ভিড় করছেন। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চিকিৎসকদের মতে, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ও তাপমাত্রার ঊর্ধ্বগতির কারণে মানবদেহে নানা ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যার অন্যতম হচ্ছে ডায়রিয়া। বিশেষ করে শিশু ও বয়স্করা এ সময় বেশি ঝুঁকির মধ্যে থাকছেন। তারা সতর্ক করে বলেন, বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা, নিয়মিত হাত ধোয়া এবং বাইরের খোলা খাবার পরিহার করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ডায়রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা নিবন্ধিত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিনই ডায়রিয়া ও পেটের সমস্যাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে অন্তত ৫৭ জন রোগী ডায়রিয়াজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া পেটব্যথা, বমি, জ্বর, ঠান্ডা-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে দেড় হাজারেরও বেশি রোগী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

উপজেলার বালিনা এলাকা থেকে সাত মাস বয়সী শিশু আয়ানকে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইভাবে আড়াই বছর বয়সী সামিয়া তিন দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা শামীম হোসেন জানান, প্রাথমিক চিকিৎসায় উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

দেড় বছর বয়সী মুনতাহাও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তার মা আয়েশা আক্তার জানান, হঠাৎ করে বমি ও পাতলা পায়খানা শুরু হলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬২ বছর বয়সী ছকিনা বেগমও হাসপাতালে ভর্তি রয়েছেন। উপজেলার দুলালপুর এলাকার এই বাসিন্দা গত দুই দিন ধরে পাতলা পায়খানায় ভুগছিলেন। শুক্রবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা জানান, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র গরমের কারণে উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কিছুটা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, দূষিত পানি পান, বাসি বা খোলা খাবার গ্রহণ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি উপেক্ষা করার কারণে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের রোগ ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, ডায়রিয়া প্রতিরোধে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান, খাবারের আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া এবং অস্বাস্থ্যকর ও খোলা খাবার এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। কারও মধ্যে ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং আক্রান্ত রোগীকে পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন পান করাতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে, যাতে করে রোগীদের দ্রুত ও কার্যকর চিকিৎসা প্রদান নিশ্চিত করা যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪