মানিকগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক চিকিৎসা সেবা ও বাংলাদেশ-চীন স্বাস্থ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপে মানিকগঞ্জে চীনের ফোশান ফোসুন চানচেং হাসপাতালের পরিচিতি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Hospital Introduction & Facilitation Based on Business Development and Latest Technologies” শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করে SEOK Healthcare এবং MedLab BD।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবিএম তৌহিদুজ্জামান। এ সময় ফোশান ফোসুন চানচেং হাসপাতালের ওভারসিজ বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মুশদাক হাস্তি এবং অনকোলজিস্ট ডা. এমিলিয়া ঝু হাসপাতালের আধুনিক চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিক রোগী সেবা এবং প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় বক্তারা বলেন, উন্নত চিকিৎসা প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সেবা সম্পর্কে দেশীয় চিকিৎসক ও সংশ্লিষ্টদের অবহিত করা জরুরি। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, চিকিৎসক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান MedLab BD-এর স্বত্বাধিকারী মোবিন উদ্দিন আহমেদ জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক চিকিৎসা সেবার সঙ্গে দেশের মানুষের সংযোগ আরও সহজ হবে।
রিপোর্টার্স২৪/মিতু