ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমগীর হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আল মনসুর (৪৮) নামে এক সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তার আলমগীর হোসেন বালিয়াডাঙ্গী থানার ঝিকড়া (বালিয়া বাজার) গ্রামের মো. মাহসুদ ও আমিনা বেগমের ছেলে। পলাতক আসামি আল মনসুর দুওসুও (মাস্টারপাড়া) এলাকার মো. সফিউল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার এসআই মো. আনছার আলীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। রাত ১০টা ১০ মিনিটের দিকে কুশলডাঙ্গী বাজারের পাশে জনৈক মাহবুবের বাড়ির সামনের রাস্তায় পুলিশের উপস্থিতি দেখে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে আলমগীরকে ধরে ফেললেও অন্ধকারে কৌশলে পালিয়ে যান মনসুর।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আলমগীরের দেহ তল্লাশি করে তার পরিহিত ট্রাউজারের পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক জানান, তিনি পলাতক আসামি মনসুরের কাছ থেকে ইয়াবাগুলো খুচরা বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনছার আলী জানান, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু