| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৭:১১:৪২:অপরাহ্ন  |  ৩৩২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও মাঝগাঁও এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অরুন চন্দ্র বর্মন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮এপ্রিল) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত অরুন চন্দ্র বর্মন সদর উপজেলার ভূল্লী থানার ১৫ নম্বর দেবীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজাবনী গ্রামের বাসিন্দা শিপেন বর্মন ও মিনতি রানীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে অরুন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ঠাকুরগাঁওয়ের ফেপসাডাঙ্গী ভূমি অফিসের নির্মাণ কাজে যোগ দেন। কাজ শেষে তিনি সেখানেই অবস্থান করছিলেন। তবে শুক্রবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবার জানতে পারে, গড়েয়া ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও মাঝগাঁও এলাকার একটি ভূট্টাখেতে মেহগনি গাছের ডালে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় একটি মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অরুন চন্দ্র বর্মনের বলে শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪