টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কর্মরত শ্রমিকদের উপর উঠে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাংর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের উপর উঠে যায়, এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বাসিন্দা হাসু (২০) ও আশরাফ (৩০)। তারা সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন। ঘটনাস্থলে মোট ১৯ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম