কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী সংলগ্ন ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন বাসের হেলপার মজনু মিয়া (৪৩), তিনি গোপালপুর উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। একই দুর্ঘটনায় প্রাণ হারান বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০), তিনি একই উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
দুর্ঘটনার পর সড়কটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উদ্ধার কার্যক্রমে অংশ নিতে গিয়ে বিদ্যুৎ নামে এক স্থানীয় যুবক আহত হন। আহতদের উদ্ধার করতে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন