কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: সারা দেশের সঙ্গে একযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিনেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর কালাই উপজেলায় মোট ১,৫৩৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৮৬৩ জন এবং ছাত্রী ৬৭১ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কালাই ডিগ্রি কলেজসহ মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।
প্রথম দিনের পরীক্ষায় ৪টি কেন্দ্রে ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে উপস্থিতির হার প্রায় ৯৮ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছেন। পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরিদর্শকদের মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
রিপোর্টার্স২৪/এসএন