| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেট্রোল পাম্পে কমতে শুরু করেছে সিরিয়াল, বেড়েছে বরাদ্দ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৫:৫৩:৩৮:অপরাহ্ন  |  ১৮১৭ বার পঠিত
পেট্রোল পাম্পে কমতে শুরু করেছে সিরিয়াল, বেড়েছে বরাদ্দ

রাজবাড়ী প্রতিনিধি: তেলের দাম বৃদ্ধি এবং ডিপো থেকে সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে কমেছে যানবাহন ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সিরিয়াল।

আগে যেখানে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত সিরিয়ালে অপেক্ষা করতে হতো, এখন সেখানে ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকরা তেল পাচ্ছেন। মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে রাজবাড়ী ফিলিং স্টেশন ও পলাশ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকেই রাজবাড়ী ফিলিং স্টেশনে কৃষক, যানবাহনসহ অন্যান্যদের মাঝে ডিজেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে পলাশ ফিলিং স্টেশনে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ছোট যানবাহনে পেট্রোল দেওয়া হচ্ছে। এ সময় শৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্পগুলোতে পুলিশ ও ট্যাগ অফিসারদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকদের দাবি, তেলের দাম বৃদ্ধি এবং ডিপো থেকে বরাদ্দ বাড়ায় সিরিয়াল কমেছে। আগের তুলনায় সিরিয়াল প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আগে কম দামে তেল নিয়ে অনেকেই মজুদ করে বাইরে বেশি দামে বিক্রি করতেন। এখন দাম বাড়ায় সেই প্রবণতা অনেকটাই কমে গেছে। তবে গ্রাহকদের মতে, তেলের দাম বাড়ানো যৌক্তিক হয়নি; সবার কথা বিবেচনা করে দাম নির্ধারণ করা উচিত ছিল।

বাইক চালক মোসলেম উদ্দিন ও রুবেল মিয়া বলেন, দাম বাড়ার আগে তেল নিতে এলে এক কিলোমিটার দীর্ঘ সিরিয়াল দেখা যেত। এখন সিরিয়াল অনেক কমলেও দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়তে হচ্ছে। এর প্রভাব সব ক্ষেত্রেই পড়বে। তারপরও জীবিকার তাগিদে বাধ্য হয়ে তেল নিতে হচ্ছে। কারণ তেল না পেলে কাজ করা সম্ভব নয়। তারা চান, সবকিছুর দাম সহনীয় পর্যায়ে থাকুক।

রাজবাড়ী পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য বলেন, দাম বাড়ার আগে পেট্রোল, অকটেন ও ডিজেল মিলিয়ে ৬-৭ হাজার লিটার তেল পাওয়া যেত। এখন পাওয়া যাচ্ছে ৮-৯ হাজার লিটার। তিনি আরও জানান, ডি‌জেল ১০ হাজারসহ মোট ১৬ হাজার লিটার তেল পেলে এই পাম্পে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

অন্যদিকে রাজবাড়ী ফিলিং স্টেশনের ম্যানেজার দুর্জয় জানান, আগে রাজবাড়ী ও কাজী ফিলিং স্টেশন-এই দুই পাম্পে মিলিয়ে ১৬-১৭ হাজার লিটার তেল পাওয়া যেত। এখন তা বেড়ে ২২ হাজার লিটারের বেশি হয়েছে। ফলে চাপ কিছুটা কমেছে।

তিনি বলেন, আজ রাজবাড়ী ফিলিং স্টেশনে ৯ হাজার লিটার ডিজেল এবং কাজী ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন মিলিয়ে সাড়ে ১৩ হাজার লিটার তেল এসেছে, যা আগের তুলনায় ৪-৫ হাজার লিটার বেশি।

উল্লেখ্য, রাজবাড়ী শহরে ৩টি সহ মোট ১০টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে কিছু পাম্পে পেট্রোল ও অকটেন এবং কিছু পাম্পে ডিজেল সরবরাহ করা হচ্ছে। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪