শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারা ভোগকালে তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে সোপর্দ হন। আদালত তাঁকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তাঁর সাজা শেষ হওয়ার কথা ছিল।
এর মধ্যে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুই দেশের আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে লাশটি হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের সময় বিএসএফের পক্ষে ঢালু কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বিজিবির পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান শ্যামলবাংলা২৪কে বলেন, বিএসএফের পক্ষ থেকে লাশ হস্তান্তরের পর আমরা মৃতের ছোট ভাই রিপন হাওলাদারের কাছে লাশটি হস্তান্তর করেছি।
রিপোর্টার্স২৪/মিতু