ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক দুটি অভিযানে জুয়া খেলার অপরাধে দুই জন এবং ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার জগন্নাথপুর ও রুহিয়া থানার মন্ডলাদাম এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার এসআই লিখনের নেতৃত্বে একটি দল ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক ইব্রাহীমের ভুট্টা ক্ষেতের ভেতরে টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে মো. নূর ইসলাম ওরফে নুরু মিয়া (৫০) এবং ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. বাচ্চু মিয়াকে (৫৬) আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা ও দুই সেট তাস জব্দ করা হলেও আরও ৩-৪ জন কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, জেলার রুহিয়া থানার মন্ডলাদাম (সুইপার পট্টি) এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ ডিপজল দাস (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআই তাপস রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ডিপজলের নিজ বসতবাড়ির আঙিনা থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি গুলের কৌটার ভেতর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিপজল ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু