ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: জ্বালানি তেলের সংকট ও ঘনঘন লোডশেডিংয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে তীব্র গরম যুক্ত হওয়ায় কৃষক, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন। কখন তেল আসবে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না থাকায় অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। বিশেষ করে গ্যালন হাতে ডিজেলের জন্য কৃষকদের অপেক্ষা করতে দেখা যায়, যা কৃষিকাজে বড় ধরনের প্রভাব ফেলছে।
এদিকে বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘনঘন লোডশেডিংয়ের কারণে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনরা মারাত্মক কষ্টে রয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধ রোগীদের অনেকেই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কেউ কেউ বাজার থেকে হাতপাখা কিনে রোগীদের বাতাস করলেও তাতে স্বস্তি মিলছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
ভাঙ্গা উপজেলা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, জেলা পর্যায় থেকে বিদ্যুৎ ভাগ করে দেওয়া হচ্ছে এবং বরাদ্দ অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। তিনি স্বীকার করেন, লোডশেডিং কিছুটা বেড়েছে, তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/বাবি