শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুলগাঁও এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমানের তত্ত্বাবধানে এবং নায়েক নাজমুলের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাতভর অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুলগাঁও এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৫৪ বোতল মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা।
এ বিষয়ে কর্ণঝোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন