| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ওয়াসা প্রকল্পে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ০৮:২২:৪৬:পূর্বাহ্ন  |  ১০৫৮ বার পঠিত
চট্টগ্রামে ওয়াসা প্রকল্পে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের কাজ চলাকালে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আগ্রাবাদের ছোটপোল এলাকায় পুলিশ লাইন্সের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. রাকিব ও আইনুল ইসলাম। আহত শ্রমিকরা হলেন সাগর ও এরশাদ।

ওয়াসা সূত্রে জানা যায়, ‘চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশনব্যবস্থা স্থাপন’ প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা হাইড্রো কোম্পানির শ্রমিকরা রাতে মাটি খননের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ করে খননস্থলের ওপর থেকে বিশাল মাটির স্তূপ ধসে পড়ে চার শ্রমিক চাপা পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মী ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের বের করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে খননকাজ চালানো হচ্ছিল।

এদিকে দুর্ঘটনার কারণ নির্ণয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ওয়াসা। কমিটিকে আগামী রোববার (২৫ এপ্রিল) এর মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক (পিডি) ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, শ্রমিকরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত ছিলেন। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪