| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে পাকিস্তানে আরাকচি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ২২:৩১:৫৬:অপরাহ্ন  |  ৩৪৫ বার পঠিত
শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে পাকিস্তানে আরাকচি
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন। তবে এই সফরে তার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের সরাসরি বৈঠকের সম্ভাবনা নেই বলে জানা গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) কূটনৈতিক সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা ভেস্তে গেছে, সেটি পুনরুজ্জীবিত করতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠাতে চান আরাকচি। পাকিস্তান সরকারের একাধিক সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত এই সফরে তিনি ইরানের প্রস্তাব তুলে ধরবেন, যা পরে ওয়াশিংটনে পৌঁছে দেওয়া হবে।

এর আগে চলতি সপ্তাহে ইসলামাবাদেই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ইরান তখন জানায়, তারা আলোচনায় অংশ নিতে প্রস্তুত নয়। অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলও ওয়াশিংটন ত্যাগ করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সামনে এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করলে একটি ভালো চুক্তি সম্ভব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পাকিস্তানের পাশাপাশি ওমান ও রাশিয়া সফর করবেন বলেও জানিয়েছেন, যেখানে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে লেবাননে যুদ্ধবিরতি ইস্যুতে ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ নতুন করে উত্তেজনা তৈরি করেছে। সংগঠনটির দাবি, ইসরায়েলের সামরিক তৎপরতা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি কার্যত অর্থহীন।

অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় গত ২৪ ঘণ্টায় মাত্র পাঁচটি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যেখানে স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১৩০টি জাহাজ চলাচল করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তড়িঘড়ি কোনো চুক্তিতে যেতে চান না; বরং স্থায়ী সমাধান চান। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, চলমান সামরিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে, যা আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪