| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা— শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ০৫:৫৭:৪৫:পূর্বাহ্ন  |  ১৭৮২ বার পঠিত
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা— শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাল ও নদী-নালা খননের অভাবে দেশের জলাধারগুলো অনেকাংশে শুকিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছেন। ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা কৃষকদের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, খাল খনন কর্মসূচি এ অঞ্চলের উন্নয়নের সূতিকাগার হবে। শুধু খাল খনন নয়, পর্যায়ক্রমে রাস্তা-ঘাট, কালভার্ট ও সেতুসহ প্রয়োজনীয় সব অবকাঠামো উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দলমত নির্বিশেষে দেশের সব মানুষের জন্য কাজ করতে চায়। কে আমাদের ভোট দিয়েছে আর কে দেয়নি—এই হিসাব আমরা করি না। ১৭ কোটি মানুষের সরকার হিসেবে সবার জন্যই সেবা নিশ্চিত করতে চাই, যোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পর থানায় যে মামলাগুলো হচ্ছে, সেগুলো মূলত ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলা দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

সালথায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হলে তা কঠোরভাবে দমন করা হবে। যেই হোক, সহিংসতায় জড়ালে তাকে আইনের আওতায় আনতে হবে, বলেন তিনি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান এবং স্থানীয় বিএনপির নেতারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪