রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ মৌসুমে ভিজিট ভিসায় সৌদি আরব গিয়ে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের সহায়তায় সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো স্থানে থাকার ব্যবস্থা করলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর এই জরিমানা আরোপ করা হবে। একইভাবে প্রয়োজনীয় অনুমতি ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য পবিত্র স্থানে লুকিয়ে থাকতে সহায়তা করলেও একই শাস্তি প্রযোজ্য হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুম জুড়ে—অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত—এই নির্দেশনা কার্যকর থাকবে। প্রতিটি লঙ্ঘনের ক্ষেত্রে জড়িত ব্যক্তির সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরই কিছু ব্যক্তি ভিজিট ভিসার অপব্যবহার করে হজ পালনের চেষ্টা করেন, যা দেশটির আইনে নিষিদ্ধ। এ ধরনের ঘটনায় অনেককে আটক ও দেশে ফেরত পাঠানো হয়।
হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নিরাপদ রাখতে এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে জরুরি নম্বরের মাধ্যমে এ ধরনের অনিয়মের তথ্য জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম