সিনিয়র রিপোর্টার: রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে উত্তর বাড্ডা পূর্বাচল উদয়ন ম্যানশন ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাড়ির নবম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় মুনিরার বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী ও তার এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মুনিরা মাহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ২০১৯-২০ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী।
বাড্ডা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুনিরার বাবার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। বাড়ি মাদারীপুর শীবচর উপজেলার ডাইয়ারচর। মুনিরা মাহজাবিন বাবা-মায়ের সঙ্গে বাড্ডাতেই থাকতেন। বাসায় দরজা বন্ধ করে পরিবারের সবার অগোচরে ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামান। পরবর্তীতে খবর পেয়ে বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে মুনিরার চিরকুটে লেখা আছে, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেয়া’।
বাড্ডা থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটের ভিত্তিতে বিভাগের এক শিক্ষককে প্রাথমিকভাবে হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীর ঘনিষ্ঠ বান্ধবী উম্মে হানিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হবে।
রিপোর্টার্স২৪/সাইফ