ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেন নিয়ে পুরোনো বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রাম-এর পশ্চিমপাড়া, পূর্বপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে পশ্চিমপাড়ার বাসিন্দা বোরহান মিয়া পূর্বপাড়ার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। টাকা পাঠাতে দেরি হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও উভয় পক্ষের মধ্যে বিরোধ থেকে যায়।
রোববার বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান, ইয়াসিনসহ কয়েকজনকে নিয়ে পশ্চিমপাড়ায় গেলে একটি মাঠে ফুটবল খেলা নিয়ে আবারও বোরহান মিয়ার সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে বোরহান তার সহযোগীদের নিয়ে শিহাব ও তার সঙ্গীদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার জেরে সন্ধ্যার পর তিন এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং লাঠিসোঁটার ব্যবহারে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন, যার মধ্যে স্থানীয় এক সাংবাদিকও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের কেউ কেউ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি