| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপির গাড়িতে হামলায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০২:৪৫:৪৯:পূর্বাহ্ন  |  ১৩৭৩ বার পঠিত
এমপির গাড়িতে হামলায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফা-র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু-কে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ-কে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির-কে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সঙ্গে বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়। পরে প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে।

রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি মাছুম মোস্তফা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। এ সময় তারা আমার গাড়িতে হামলা চালায় এবং নামাজখানায় ঢুকে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করে। তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তার দলের নেতাকর্মীদের মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪