| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০৩:২২:৫০:পূর্বাহ্ন  |  ১৮৬২ বার পঠিত
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

রংপুর প্রতিনিধি: লোডশেডিংয়ের কবলে পড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

রোববার (২৬ এপ্রিল) উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রটির ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। বাধ্য হয়ে কেন্দ্র কর্তৃপক্ষ মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহণ করে, যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করে।

পরীক্ষার্থীরা জানান, পর্যাপ্ত আলো না থাকায় প্রশ্নপত্র পড়া ও উত্তর লেখা কঠিন হয়ে পড়ে। অনেকেই চোখের সমস্যায় ভুগেছেন বলে অভিযোগ করেন। অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এমন পরিস্থিতিকে অব্যবস্থাপনার ফল বলে মন্তব্য করেন।

কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও একাধিকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হয় এবং বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা চালাতে হয়।

রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, বলদিপুকুর সাবস্টেশন সংযুক্ত গ্রিড লাইনের একটি অংশ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্রুত বিকল্প উৎস থেকে সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, বিষয়টি আগে জানানো হয়নি। পরে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বিকল্প আলোর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪