| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনা-ধলেশ্বরী নদীতে ঝড়ে লঞ্চ আটকা, ৭৫০ যাত্রী উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০৪:১৩:০৬:পূর্বাহ্ন  |  ১৪১৩ বার পঠিত
মেঘনা-ধলেশ্বরী নদীতে ঝড়ে লঞ্চ আটকা, ৭৫০ যাত্রী উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া ও মুক্তারপুর এলাকায় মেঘনা ও ধলেশ্বরী নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়েছে। তবে চালকদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও নৌ পুলিশের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে প্রায় ৭৫০ যাত্রীকে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এর মধ্যে চাঁদপুরের ষাটনল ঘাট থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী এমভি সমতা লঞ্চটি গজারিয়া অংশে পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড়ের মুখে পড়ে। প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে লঞ্চটি দুলতে শুরু করলে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমান দ্রুত সিদ্ধান্ত নিয়ে চর রমজান বেগ এলাকায় লঞ্চটি তীরে তুলে নোঙর করেন। এতে আড়াই শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পান।

লঞ্চের যাত্রীরা জানান, হঠাৎ ঝড় শুরু হলে মাঝনদীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জীবন নিয়ে শঙ্কায় পড়েন এবং কান্নাকাটি শুরু করেন। তবে চালকের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

অন্যদিকে একই সময়ে মুক্তারপুর ও কাঠপট্টির মাঝামাঝি এলাকায় ধলেশ্বরী নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী ‘ঈগল-৯’ লঞ্চটি ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়ে। প্রায় ৫০০ যাত্রীবাহী লঞ্চটিতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সদরঘাট থেকে এমভি ‘জামাল’ নামের আরেকটি লঞ্চ এনে আটকে পড়া যাত্রীদের নিরাপদে স্থানান্তর করা হয়। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ জানান, দ্রুত সমন্বিত উদ্যোগে প্রায় ৫০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক ঝড়ে নদীপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, চালকদের সময়োপযোগী সিদ্ধান্ত ও নৌ পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪