| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিম খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্তে নামছে সরকার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০৬:২৫:১১:পূর্বাহ্ন  |  ১৭৩০ বার পঠিত
ডিম খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্তে নামছে সরকার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় সরবরাহ করা সেদ্ধ ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিয়মিত স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে সেদ্ধ ডিম বিতরণ করা হয়। কিছুক্ষণ পরই একে একে অনেক শিক্ষার্থী মাথা ঘোরা, বমি ও চুলকানিসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে।

মেডিকেল টিমের প্রধান ও আবাসিক চিকিৎসক ডা. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার কারণে শিশুরা অসুস্থ হয়েছে। তবে খাদ্যে কোনো ধরনের দূষণ বা ফুড পয়জনিংয়ের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খাতুন বলেন, ডিম খাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে মেডিকেল টিম এসে চিকিৎসা দেয়। বর্তমানে সবাই অনেকটাই সুস্থ।

স্কুল ফিডিং সরবরাহকারী এনজিও ‘গাক’-এর ফিল্ড অফিসার রাসেল রানা জানান, গোমস্তাপুর উপজেলার ১১৯টি বিদ্যালয়ে তাদের পক্ষ থেকে নিয়মিত খাদ্য সরবরাহ করা হয়। আজ অন্য কোনো বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেনি। শুধুমাত্র একটি বিদ্যালয়ে কেন এ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে, বলেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত মেডিকেল টিমসহ ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম বা নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলাতেও একই ধরনের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। ধারাবাহিক এসব ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪