রিপোর্টার্স২৪ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশজুড়ে সমন্বিত হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি মুখপাত্র ইসা উসমান কুলিবালি।
সরকারি সূত্রের বরাতে জানা যায়, রাজধানী বামাকোর কাছে সামরিক ঘাঁটি শহর কাতিতে নিজের বাসভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হন কামারা। শনিবার দেশজুড়ে চালানো একাধিক হামলার অংশ হিসেবে এ হামলা চালানো হয়। এতে কামারার দ্বিতীয় স্ত্রী এবং দুই নাতিও প্রাণ হারান বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কামারা ২০২০ ও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গঠিত মালি সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। দেশটির ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবেও তাকে দেখা হচ্ছিল। তার মৃত্যু সামরিক নেতৃত্বের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এবং তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ)।
কাতি শহরটি নিরাপত্তার দিক থেকে সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত হলেও হামলাকারীরা সেখানে ঢুকে হামলা চালাতে সক্ষম হয়। এ সময় অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
একই দিনে হামলাকারীরা রাজধানী বামাকো ছাড়াও উত্তরাঞ্চলের গাও ও কিদাল এবং মধ্যাঞ্চলের সেভারে শহরেও হামলা চালায়। কিদাল অঞ্চলে রোববার পর্যন্ত ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিশ্লেষকদের আশঙ্কা, দেশটির বিভিন্ন অঞ্চলে কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে আগামী দিনে আরও সংঘর্ষ হতে পারে। বিশেষ করে আগে পরস্পরের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীগুলোর নতুন জোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন, যুক্তরাষ্ট্রের আফ্রিকা বিষয়ক ব্যুরো এবং ইউরোপীয় ইউনিয়ন।