| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড়শির টানে উঠে এলো কুমির

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৭:৫১:২১:অপরাহ্ন  |  ৭৫৯ বার পঠিত
বড়শির টানে উঠে এলো কুমির

রিপোর্টার্স ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলের বড়শিতে একটি কুমির ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের হাজাইরা বড়শিতে কুমিরটি আটকা পড়ে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতোই তারা ভোরে নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ করে তাদের বড়শিতে বড় ধরনে কিছু আটকে যায়। প্রথমে মাছ ভেবে টানতে থাকলেও পরে কাছে এনে দেখেন সেটি একটি কুমির। পরে তারা সতর্কতার সঙ্গে কুমিরটিকে উদ্ধার করে চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন।

কুমির ধরা পড়ার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমায়। স্থানীয়দের অনেকেই জীবনে প্রথমবারের মতো কাছ থেকে কুমির দেখার সুযোগ পান।

উদ্ধার কাজে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শী স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, কুমিরটি বড়শির সঙ্গে জড়িয়ে পড়ায় তারা সেটিকে সাবধানে নিয়ন্ত্রণে আনেন এবং প্রশাসনের কাছে হস্তান্তরের জন্য ঘাটে নিয়ে আসেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা বনবিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। কুমিরটিকে নিরাপদে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। কুমিরটি উদ্ধারের জন্য খুলনা থেকে একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল রওনা দিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর পানির স্রোত ও পরিবেশগত পরিবর্তনের কারণে কুমিরটি পদ্মা নদীর এ অংশে চলে এসেছে। বনবিভাগের দল এসে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেবে এবং প্রয়োজন হলে এটিকে নিরাপদ আবাসস্থলে স্থানান্তর করা হবে।

এদিকে, স্থানীয় প্রশাসন জনসাধারণকে কুমিরটির কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪