রিপোর্টার্স ডেস্ক: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছেন মো. আলো (৩৩) নামে এক যুবক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই যুবক। ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে শহরের জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত একটি অটোরিকশায় দুইটি মাইক স্থাপন করে মাইজদী শহরের জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে উপস্থিত হন নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার বাসিন্দা মো. আলো। এ সময় তিনি মাইক্রোফোনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, স্লোগান দেওয়া যুবকের নাম আলো। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুইটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/মিতু