নীলফামারী প্রতিনিধি: আমদানিনির্ভরতা কমিয়ে দেশেই রেল কোচ মেরামতের যন্ত্রাংশ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এসব কথা জানান।
তিনি বলেন, বর্তমানে রেল কোচ মেরামতের জন্য প্রয়োজনীয় অধিকাংশ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এই নির্ভরতা কমাতে সৈয়দপুর কারখানায় প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কারখানায় বিদ্যমান লোকবল, যন্ত্রপাতি ও কাঁচামালের সংকট দূর করতে সরকার কাজ করছে।
মহাপরিচালক আরও বলেন, দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এই কারখানাটি দীর্ঘদিন ধরে জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাবে পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। ফলে চাহিদা অনুযায়ী উৎপাদন ব্যাহত হচ্ছে। কারখানাটি সচল ও আধুনিক না থাকলে রেলওয়ের সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, কারখানাটির আধুনিকায়নে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে। এর মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সংযোজন এবং দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হবে। ভবিষ্যতে এটিকে রেলওয়ের কেন্দ্রীয় উৎপাদন ও মেরামত হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, কারখানার বর্তমান সমস্যা ও সীমাবদ্ধতা সরেজমিনে দেখে তা সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণই এ সফরের মূল লক্ষ্য।
এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ে, রাজশাহীর মহাব্যবস্থাপক মো. ফরিদ আহমেদ, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি