| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ০৩:২৮:০১:পূর্বাহ্ন  |  ৩৩৭ বার পঠিত
ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করেছে এক যুবক বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন।

 এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। হঠাৎ করেই আকাশ মোল্যা (২৮) নামে ওই যুবক কোদাল হাতে উপস্থিত হয়ে আশপাশের লোকজনের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই নিহত হন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫)। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।

গুরুতর আহত রিয়াজ মোল্লাকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আকাশ মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে কী কারণে হঠাৎ করে তিনি এমন হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরপরই তিনি এলাকা থেকে পালিয়ে যান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪