| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান ধারণার চেয়ে বেশি শক্তিশালী: জার্মান চ্যান্সেলর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ০৯:৫৫:৩২:পূর্বাহ্ন  |  ১৪২৯ বার পঠিত
ইরান ধারণার চেয়ে বেশি শক্তিশালী: জার্মান চ্যান্সেলর
ছবির ক্যাপশন: জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস

ইন্টারন্যাশনাল  ডেস্ক :  জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত ‘অপমানিত’ হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পথ ওয়াশিংটনের সামনে নেই, বরং পরিস্থিতিতে তেহরানই ক্রমশ প্রাধান্য পাচ্ছে।সোমবার (২৭ এপ্রিল) জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় ম্যার্ৎস বলেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সমস্যার দিক তুলে ধরেছে। তিনি অতীতের সামরিক ব্যর্থতার উদাহরণ টেনে বলেন, এ ধরনের সংঘাতে সমস্যাটা হলো- শুধু ঢোকা নয়, বের হওয়ার পথও থাকতে হয়। আমরা আফগানিস্তানে ২০ বছর ধরে সেটা খুব কষ্টের সঙ্গে দেখেছি। ইরাকেও দেখেছি।

তিনি আরও বলেন, ইরানের কর্মকর্তারা খুব দক্ষতার সঙ্গে আলোচনা করছেন ও তারা অনেক বেশি শক্তিশালী বলে প্রতীয়মান হচ্ছে, যতটা আগে মনে করা হয়েছিল। তার মতে, পুরো একটি জাতি ইরানের নেতৃত্বের হাতে অপমানিত হচ্ছে, বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকার কারণে।

ম্যার্ৎস দ্রুত যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বলেন, এর প্রভাব এরই মধ্যে জার্মানির অর্থনীতিতে পড়তে শুরু করেছে। তিনি বলেন, এই মুহূর্তে পরিস্থিতি খুব জটিল ও এর জন্য আমাদের অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের অর্থনৈতিক উৎপাদনে সরাসরি প্রভাব ফেলছে।

জার্মান নেতা জানান, বার্লিন এখনো প্রস্তুত রয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করতে। তবে তিনি জোর দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়া নির্ভর করছে সংঘাত বন্ধ হওয়ার ওপর।

ম্যার্ৎসের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইউরোপজুড়ে এই যুদ্ধের বিস্তৃত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জ্বালানি সরবরাহে বিঘ্ন ও অর্থনৈতিক অস্থিরতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল সতর্ক করে বলেন, পারমাণবিক হুমকি এখনো বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে, যদিও বার্লিন পারমাণবিক বিস্তার রোধে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তিনি জাতিসংঘে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি নিয়ে বৈঠকের আগে বলেন, যতদিন আমাদের ও আমাদের মিত্রদের বিরুদ্ধে পারমাণবিক হুমকি থাকবে, ততদিন আমাদের একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন হবে।

এদিকে, ইউরোপে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে ফ্রান্স ও জার্মানি সম্প্রতি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় সহযোগিতা আরও জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ও বৃহত্তর আঞ্চলিক অস্থিরতা ঘিরে উদ্বেগ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪