| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে টাকা চাওয়া নিয়ে ছুরিকাঘাত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৬:১২:৪২:অপরাহ্ন  |  ৩৭৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে টাকা চাওয়া নিয়ে ছুরিকাঘাত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও (খেকিডাঙ্গা) এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের চাকুর আঘাতে এক কিশোর ও তার পরিবারের তিনজন সদস্য গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ঝাড়গাঁও এলাকার আকতারা বানুর ছেলে আরফান আলীর (১৮) সঙ্গে একই গ্রামের রেজভী আলমের (২২) পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আরফান স্থানীয় খেকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় রেজভী ও তার সহযোগীরা তার ওপর চড়াও হয়। অভিযুক্তরা প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মারধর শুরু করে।

ছেলের চিৎকার শুনে মা আকতারা বানু ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা আরও হিংস্র হয়ে ওঠে। মামলার সূত্র জানায়, বাকবিতণ্ডার একপর্যায়ে রেজভী তার কোমর থেকে ধারালো চাকু বের করে আরফানের পেটে ও পাজরে উপর্যুপরি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় আরফান মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী কিশোর শামীম ইসলাম (১৩)। এ সময় হামলাকারীরা শামীমকেও ছুরিকাঘাত করলে তার বুকের বাম পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়। বাধা দিতে গেলে আরফানের বাবা আব্দুল আলিমকেও পিটিয়ে জখম করা হয়।

আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় আকতারা বানু বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তৎপরতা চালিয়ে প্রধান অভিযুক্ত রেজভী আলমকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা রুহিয়া থানার এস আই মো.সুলতান আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার নেপথ্যে থাকা সকল কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪