কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন, যাদের মধ্যে ৫ জন নারী রয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হন।
দুর্ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
দুর্ঘটনার পর কিছু সময় সড়ক যোগাযোগ ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রিপোর্টার্স২৪/বাবি