| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্তানের সামনে মাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ২০:৩৩:৩৬:অপরাহ্ন  |  ৪৬৮ বার পঠিত
সন্তানের সামনে মাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

রিপোর্টার্স ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে গ্রেপ্তারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার ও গতকাল মঙ্গলবার রাতে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ভুক্তভোগী নারীর ভাষ্য মতে, গত ১৯ এপ্রিল তিনি তার তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে বাবারবাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা থেকে শাশুড়ির সঙ্গে দেখা করতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাচ্ছিলেন। ওই সময় ভুলক্রমে তিনি নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন। রাত হয়ে পড়ায় তিনি পথ হারিয়ে ফেলেন। ওই সময় কয়েকজন লোক তার কাছ থেকে ঠিকানা জেনে তাকে শাশুড়ির কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।

পরে তাকে নান্দাইল-তাড়াইল সড়ক থেকে নামিয়ে একটি নির্জন বিলের ধারে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। পরে আরো দুজন বিলের কাছে অবস্থিত একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করে। ওই সময় তিন বছরের সন্তানও তার কাছেই ছিল। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে গ্রামের এক ব্যক্তি তাকে আশ্রয় দেন। ঘটনার পাঁচ দিন পর গত সোমবার দুপুরে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ওই নারীর মা-বাবা নান্দাইল থানায় এসে এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪