ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ইয়াবা সেবন ও অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, একাধিক মোবাইল এবং বিপুল পরিমাণ সিমকার্ড জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন সদর উপজেলার ১৬ নম্বর নারগুন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. রাশেদ রহমান (৩২)। তিনি কিসমত দৌলতপুর (সরকারপাড়া) গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার বড় খোচাবাড়ী বাজারে রাশেদ রহমানের অফিসকক্ষে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে গেলেও রাশেদ রহমানকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে অফিস কক্ষ তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জাম, একাধিক স্মার্টফোন এবং বিভিন্ন অপারেটরের মোট ৮৯টি সিমকার্ড জব্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি স্বীকার করেছেন যে, তিনি ও তার সহযোগীরা মাদক সেবনের পাশাপাশি মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িত ছিলেন। এসব সিমকার্ড ব্যবহার করে একাধিক জুয়ার অ্যাকাউন্ট খুলে আর্থিক লেনদেন পরিচালনা করা হতো।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনেও পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন রায় জানান, পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/মিতু